g স্পোর্টস রিপোর্টার
নেপালে ১-১০ ডিসেম্বর এসএ গেমসের আসর বসছে। কিন্তু সেখানে শক্তিশালী ভারতীয় ফুটবল দল খেলবে না বলে একটি সেমিনারে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ‘এসএ গেমস বাংলাদেশের প্রত্যাশ ও বাস্তবতা—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল দুপুরে এনএসসি টাওয়ারে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত সেমিনারে ক্রীড়া ফেডারেশনগুলো তাদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। ফুটবল নিয়ে আলোচনা করতে গিয়ে বলা হয় ভারত এসএ গেমস ফুটবলে খেলছে না। সেমিনারে ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকরা গেমসে পদক জয়ের কথা বলতে গিয়ে নানা সমস্যার কথাও তুলে ধরেন। অর্থ সংকট, আবাসন সংকট, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা না থাকাসহ অভাব অভিযোগের কথাগুলোই বেশি প্রাধান্য পেয়েছে। খেলোয়াড়রা যদি জীবন জীবিকার নিশ্চয়তা না পান তাহলে কীভাবে নিজেকে খেলায় ধরে রাখবেন। কারাতে খেলোয়াড় হাসান খান বললেন, ‘স্ট্যাটাস অনুযায়ী খেলোয়াড়দের জন্য চাকরি দেওয়া হলে খেলোয়াড়রা উত্সাহ পাবেন। আমাদের ভালো চাকরি দিন, আমরা রেজাল্ট দেব।’
সাংবাদিক দিলু খন্দকার বললেন, ‘ক্রিকেট যেভাবে এগিয়ে সফল হয়েছে সেভাবে অন্যান্য খেলাগুলো এগিয়ে গেলে উন্নতি হবে।’ এসএ গেমসে ২৫টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। সাংবাদিক সনত্ বাবলা বললেন, ‘সব খেলায় পদক জিততে হবে কেন। পাঁচ/ছয়টা খেলায় গুরুত্ব দিয়ে দেখি না কি হয়। সবাইকে কেন পদক জিততে হবে। খেলার জন্য খেলি না কেন।’ বিসিবির জাতীয় নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাসার সুমন বলেন, ‘আমাদের কোনো সমস্যা নেই। আমরা খুব রোমাঞ্চিত ক্রিকেট দল খেলতে যাবে।’ অনুষ্ঠানে বিওএর কর্মকর্তা আসাদুজ্জামান কোহিনূর, কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, বশির আল মামুন, সমিতির সভাপতি মোস্তাফা মামুন, সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ, এনএসসির সচিব মাসুদ করিম উপস্থিত ছিলেন।