ইত্তেফাক রিপোর্ট
আগামী ২১ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৯। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এ মেলার আয়োজন করছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনস্থ ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ‘৭ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো’ এর সভাপতি এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইত্তাদুল হক, রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন শাহা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাপা ফুডপ্রো বিষয়ে আহসান খান চৌধুরী বলেন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প বাংলাদেশে একটি উদীয়মান শিল্প। আমরা মনে করছি যে, আগামীতে এ শিল্পে ব্যাপক বিনিয়োগ হবে। এ শিল্প আগামীতে ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি বলেন, একসময় বাংলাদেশি কৃষিপণ্যের মেলার জন্য বিভিন্ন দেশে দেশে ঘুরতে হতো। তবে এখন সে অবস্থা নেই। এবার ১৩ দেশের বিভিন্ন খাদ্য বিপণন এবং খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করছে। আর প্রায় ৫০টির বেশি দেশীয় কোম্পানি বিভিন্ন পণ্যে সম্ভার নিয়ে উপস্থিত হবে। মেলায় ভোক্তারা অতি সাশ্রয়ই মূল্যে পণ্য সামগ্রী গ্রহণ করবে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, মেলায় দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি যারা সরাসরি ফুড প্রসেসিং সেক্টরের সঙ্গে যুক্ত তারা অংশগ্রহণ করবেন। ইতিপূর্বে ছয় বার অনুষ্ঠিত এই মেলার আশাতীত সাফল্য, বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া পাওয়ার ফলে এবারের মেলার সাফল্য নিয়েও অত্যন্ত আশাবাদী মেলা আয়োজক কমিটি।