চট্টগ্রামে আবাসিকে গ্যাসের প্রিপেইড মিটার চার্জ বাড়ছে!

মাসে ২০০ টাকা কর্তনের প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত

 মুহাম্মদ নিজামউদ্দিন, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে গ্যাসের প্রিপেইড মিটার চার্জ বাড়তে পারে। নগরীতে আবাসিকে ৬০ হাজার গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে। তাদের কাছ থেকে প্রতিমাসে মিটার বাবদ ৬০ টাকা করে কর্তন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় মিটারের মূল্য পরিশোধ দীর্ঘমেয়াদি হওয়ায় প্রতি মাসে ২০০ টাকা কর্তন করার উদ্যোগ নিয়েছে কর্ণফুলী গ্যাস কোম্পানি। এ ধরনের একটি প্রস্তাব কোম্পানির বোর্ডসভায় পাশের পর বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। এই প্রক্রিয়ায় ১১ বছরের মধ্যে মিটারের নির্ধারিত মূল্য পরিশোধ হয়ে যাবে।

চট্টগ্রামে আবাসিকে গ্যাসের ৫ লাখ ৯৮ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৬০ হাজার গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে। গত মার্চ মাসে প্রি-পেইড মিটার পুরোপুরি চালু করা হয়েছে। নগরীর নাসিরাবাদ, খুলশী, কাজির দেউড়ি,  মেহেদীবাগ, ষোলশহর, চান্দগাঁও, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, আন্দরকিল্লা ও লালখান বাজার এলাকাসহ নগরীর কয়েকটি স্থানে প্রথম দফায় গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প ব্যয় ২২০ কোটি টাকা নির্ধারণ করা হলেও এতে ব্যয় হয়েছে ১৪৯ কোটি টাকা। এতে ৭১ কোটি টাকা সাশ্রয় হয়েছে। গ্রাহকরা প্রি-পেইড কার্ড রিচার্জ করে গ্যাস ব্যবহার করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রাহক পর্যায়ে যেসব মিটার স্থাপন করা হয়েছে প্রতি মিটার বাবদ খরচ পড়েছে প্রায় ২৭ হাজার টাকা। মিটার খরচ গ্রাহক থেকে আদায় করা হচ্ছে। ফলে গ্রাহকরা প্রি-পেইড কার্ড রিচার্জ করার সময় মাসে ৬০ টাকা হারে কর্তন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় মিটারের মূল্য আদায় করতে ৩৭ বছর লেগে যাবে। অন্যদিকে প্রকল্পের মেয়াদ ২০ বছরের মধ্যে শেষ হবে। কিন্তু মিটারের মূল্য আদায় হবে না। তাই মিটার বাবদ মাসে ২০০ টাকা হারে কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আবাসিক গ্রাহক পর্যায়ে প্রি-পেইড মিটারের চাহিদা বাড়ছে। যারা প্রি-পেইড মিটার ব্যবহার করছে তাদের মাসে অনেক টাকা সাশ্রয় হচ্ছে। ৫০০ টাকার মধ্যে মাস চলে যাচ্ছে। অন্যদিকে গত জুলাই থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির পর আবাসিক গ্রাহকদের এক চুলা ৯২৫ টাকা ও এক চুলা ৯৭৫ টাকা পরিশোধ করতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, একজন গ্রাহক মিনিমাম ৪০ ঘনমিটার থেকে ৮৮ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। ৮৮ ঘনমিটার গ্যাসের জন্য আগে একজন গ্রাহককে ৮০০ টাকা বিল পরিশোধ করতে হতো। এখন ৯৭৫ টাকা পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। ফলে গ্যাসের ব্যবহার না বাড়লেও মূল্য বৃদ্ধির কারণে বাড়তি বিল দিতে হচ্ছে। এ ব্যাপারে প্রকল্প পরিচালক ও কর্ণফুলী গ্যাস কোম্পানীর জি এম (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী সারওয়ার হোসেন ইত্তেফাককে বলেন, বর্তমান প্রক্রিয়ায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও মিটার খরচ পরিশোধ হবে না। তাই মিটার বাবদ মাসে ২০০ টাকা করে কর্তনের জন্য একটি প্রস্তাব কোম্পানির বোর্ডসভায় উত্থাপন করা হবে। এতে ১১ বছরের মধ্যে মিটারের টাকা পরিশোধ হয়ে যাবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরো ২ লাখ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার জন্য আরেকটি প্রকল্প নেওয়া হচ্ছে।’