হল সুপারকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে ধূমপানকারী হল সুপার স্বপন কুমার দাশকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে। সমাপনী পরীক্ষার প্রথম দিন কেন্দ্রের ভিতরে ঐ শিক্ষকের ধূমপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সোমবার উপজেলার সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারকে বিষয়টি অবহিত করলে সন্ধ্যায় উপজেলার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের হল সুপার স্বপন কুমার পালকে চলতি সমাপনীর পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, সোমবার বিকালে ঐ শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলে দিয়েছি।