বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদত্যাগী সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের ঘুষ, দুর্নীতি, ভর্তি ও নিয়োগবাণিজ্যসহ বিভিন্ন প্রকার মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক শেখ মো. ফানাফিল্যা বিশ্ববিদ্যালয়ে এসে তদন্তকাজ শুরু করেছেন। পরিচালক শেখ মো. ফানাফিল্যা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের একটি করে ফরম দেন। ঐ ফরমে সাবেক উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য থাকলে লিখিতভাবে সেগুলো জানাতে বলা হয়েছে। এছাড়া দুদকের পরিচালক বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের কাজসহ ক্যাম্পাস ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ‘দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন তথ্য-উপাত্ত, ফাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। আমরা সব ধরনের কাগজপত্র দিয়ে সহায়তা করার চেষ্টা করছি। এছাড়া দুদকের পরিচালককে সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছি।’
প্রসঙ্গত, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ভর্তি ও নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের ১২ দিনের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন।