পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা শ্বশুর আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

পলাশবাড়ীতে বিউটি বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর ঐ গৃহবধূর শ্বশুর আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের সিধনগ্রামে শ্বশুরবাড়ি থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। বিউটি মামুন মিয়ার স্ত্রী এবং শহরের নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস ছামাদ মিয়ার মেয়ে। স্থানীয়দের দাবি, তিন বছর আগে বিউটির সঙ্গে মামুনের বিয়ে হয়। মঙ্গলবার ভোরে পারিবারিক কলহের জেরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের মারপিটে বিউটির মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত বিউটির শ্বশুর আব্দুল মজিদকে আটক করা হয়েছে।