কালাইয়ে চাতালে বয়লার বিস্ফোরণ দুই শ্রমিক দগ্ধ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

কালাই পৌরসভার পাঁচশিরা-দুরঞ্জ রোডে সৌদি চালকল চাতালে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন উপজেলার সিতার গ্রামের মৃত খয়বর আলীর ছেলে মো. আব্দুল লতিফ ও মো. আব্দুল লতিফের স্ত্রী মোছা. ছালমা বেগম।

বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাতালে শ্রমিকরা ধান সেদ্ধ করছিলেন। এ সময় বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদের বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে চাতালে বয়লার বিস্ফোরণের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।