সেবার মানোন্নয়নে কাজ করবে কমিউনিটি অ্যাম্বাসেডর টিম

ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে কাজ করবে ১ হাজার ৮০০ সদস্য

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে ‘কমিউনিটি অ্যাম্বাসেডর’ টিমের কার্যক্রম। বর্জ্য ব্যবস্থাপনা, সড়কের বাতি, মশক নিয়ন্ত্রণ, সড়ক মেরামতসহ নানা সমস্যার জরুরি সমাধান এবং সেবা কার্যক্রম মনিটরিংয়ের কাজ করবে এ টিম। গতকাল মঙ্গলবার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সেবার মানোন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত এ অ্যাম্বাসেডরদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি এটি উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ‘মেয়র অ্যাম্বাসেডরদের ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা প্রাপ্তি সহজ এবং নিশ্চিত করার লক্ষ্যে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৭৫টি ওয়ার্ডে প্রায় ১ হাজার ৮০০ কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের সদস্য এ কাজ করবেন। আর এর জন্য প্রতিটি ওয়ার্ডকে চার থেকে পাঁচটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রতি ইউনিটে সাত জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। তারা তাদের আওতাধীন এলাকার রাস্তা, ড্রেন, সড়ক বাতিসহ অন্যান্য সেবা কার্যক্রম ঘুরে দেখবেন। আর সে অনুযায়ী রিপোর্ট, পরামর্শ ও অভিযোগ তুলে ধরবেন নির্দিষ্ট গ্রুপে। আর এ গ্রুপটি পরিচালনা করার জন্য সংস্থাটির পাঁচটি অঞ্চলের প্রধানরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। যে বিষয়ে অভিযোগ আসবে সেগুলো সেই অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগে চলে যাবে। আর নাগরিকরাও www.dscc.gov.bd-তে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। আর উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবীদের পরামর্শ ও রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়সমূহ হতে এসবের দ্রুত সমাধান দেওয়া হবে। আর এর ব্যত্যয় হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন এলাকা ঘুরে এসব সমস্যার কথা তুলে ধরবেন এ কমিউনিটি অ্যাম্বাসেডররা।

স্বেচ্ছাসেবী বা কমিউনিটি অ্যাম্বাসেডর যারা : স্বেচ্ছাসেবী বা কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে এসব টিমে থাকবেন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ছাড়াও সরকারি বেসরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে অভিযোগ, পরামর্শ ও রিপোর্ট পাঠানোর জন্য স্বেচ্ছাসেবীদের পরিচয়পত্র এবং লগ বুক দেওয়া হবে। এছাড়া পাশাপাশি যোগাযোগের স্বার্থে স্বেচ্ছাসেবীদের সবাইকে একটি গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে। ফলে যে কোনো এলাকায় নাগরিক সেবা কার্যক্রমের ধীরগতি, অসঙ্গতি, অভিযোগ খুব সহজেই জানতে পারবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেই সঙ্গে তাত্ক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংস্থাটি।

কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ও মতবিনিময় সভায় ডিএসসিসির সব ওয়ার্ড থেকে আসা কমিউনিটি অ্যাম্বাসেডররা উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বি জে ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।