ফ্যান কারখানায় দুর্ঘটনায় শ্রমিক নিহত

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফ্যান তৈরির একটি কারাখানায় লোহার অ্যাঙ্গেলের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আবদুর রউফ (৬০)। গতকাল মঙ্গলবার সকালে ঐ দুর্ঘটনা ঘটে।

রউফের সহকর্মী রবিউল ইসলাম জানান, তারা মাতুয়াইলে ‘সিলিকন ফ্যান’ নামে একটি কারখানায় কাজ করেন। গতকাল সকাল ১০টার দিকে তারা সবাই কাজ করছিলেন। এ সময় একটি লোহার অ্যাঙ্গেল ওপর থেকে রউফের মাথায় পড়ে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, রউফের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া এলাকায়। তবে তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে মাতুয়াইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রউফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না—তা থানা পুলিশ খতিয়ে দেখবে।