খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐ দিন দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কার্যালয়ে দোয়া মাহফিল হবে। গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।