দেশ টিভির পরিচালক আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির পরিচালক আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কমিশন। পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো চিঠিতে তার নাম, ঠিকানা, পদবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মো. শফি উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘দেশ টিভির পরিচালক আরিফ হাসানের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ টাকা আদায় করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এ অবস্থায় তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান ব্যাহত হবে। অতএব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।