ঘুষের দাবিতে আসামিকে আটকে নির্যাতন

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রত্যাহার

যোগদানের তিন মাসের মধ্যে গোয়ালন্দঘাট থানার ওসি রবিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ ওঠায় তাকে ঢাকা বিভাগের ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ওসি রবিউল ইসলামের প্রত্যাহারের নির্দেশনা গত রবিবার সন্ধ্যায় পেয়েছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে।

জানা যায়, ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, নির্যাতন, মা ইলিশ রক্ষার অভিযান নামে জেলেদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে আটক করে নির্যাতন করার অভিযোগ করেন গোয়ালন্দের ব্যবসায়ী শাজাহান হোসেন। এ ব্যাপারে ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগকারী শাজাহান হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তাকে যখন আটক করা হয় তখন তিনি যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তা অবগত বা প্রমাণ স্বরূপ কোনো কাগজপত্র প্রদর্শন করেননি। পরবর্তীতে তিনি যখন উচ্চ আদালত থেকে জামিনের প্রমাণ প্রদর্শন করেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘুষ দাবির বিষয়টি মিথ্যা।