অবৈধ সম্পদের মামলা

মীর নাছির ও তার ছেলে হেলালের সাজা বহাল

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত অবৈধ সম্পদের মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে নিম্ন আদালতের দেওয়া ১৩ বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ঐ অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিন বছরের সাজা বহাল রাখা হয়েছে। সাজার রায়ের বিরুদ্ধে তাদের আপিল খারিজ করে বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। রায়ের সত্যায়িত অনুলিপি বিচারিক আদালতে              পৌঁছানোর তিন মাসের মধ্যে পিতা-পুত্রকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ব্যারিস্টার মীর হেলাল সাংবাদিকদের বলেন, আদেশের অনুলিপি পেলেই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও বিএনপি নেতার পক্ষে মো. আসাদুজ্জামান শুনানি করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মীর নাছির ও মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। এই মামলায় নাসিরকে ১৩ বছর ও হেলালকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে আপিল করেন তারা। ২০১০ সালের ১০ আগস্ট হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে রায় দেয়। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ পুনরায় আপিল শুনানির জন্য মামলার পক্ষগণকে নির্দেশ দেয়। একইসঙ্গে হাইকোর্টের খালাসের রায় বাতিল করে দেয়। এরপর চলতি বছর হাইকোর্টে আপিলের ওপর পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গতকাল এ রায় দেওয়া হয়।

খুরশীদ আলম খান বলেন, ৪০ দিন আপিলের ওপর শুনানি হয়েছে। নিম্ন আদালতের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। এখন আত্মসমর্পণ করে তাদের আপিল করতে হবে।