অবশেষে তিন দিন পর রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচলের ঘোষণা দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। বুধবার সকালে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনি এ ঘোষণা দেন। তবে সকালে তার ঘোষণার পর বিকালেও রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক হয়নি। বিভিন্ন রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করছে। এতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা।
শ্রমিক নেতা মাহাতাব বলেন, ‘কিছু পরিবহণ মালিক সরকারকে বেকায়দায় ফেলে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কিন্তু মোটর শ্রমিক ইউনিয়ন তা হতে দেবে না। এ সময় তিনি শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু শ্রমিকদের একটি বড় অংশই তার ঘোষণা উপেক্ষা করে রাস্তায় বাস চলাচলে বাধা দিচ্ছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল ইসলাম টিটো জানান, এ কথিত ধর্মঘটের সাথে মালিকদের কোনো সমর্থন নেই। কিন্তু কিছু শ্রমিক গাড়ি চালাচ্ছেন না। এ বিষয়টি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়।
আরও পড়ুন: ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জানা গেছে, নতুন পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স না থাকলে ২৫ হাজার টাকা জরিমানা ও পাঁচ বছরের সাজার ভয়ে অনেকে বাস চালাচ্ছে না। এছাড়া ফিটনেসবিহীন কোনো বাস চলাচল করতেও দেখা যাচ্ছে না। এতে জনমনে একদিকে যেমন সন্তোষ দেখা দিয়েছে, তেমনি বাসের সংখ্যা সীমিত হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ নেমে এসেছে। কারণ পরিবহন শ্রমিকরা ফিটনেসবিহীন বাস না চালানোয় সড়কে পরিবহনের সংখ্যা কমে গেছে। বিশেষ করে ফিটনেস আছে এমন বাসের সংখ্যা খুবই কম। ফলে সব মিলিয়ে বাস ধর্মঘট না থাকলেও দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ইত্তেফাক/এএএম