তা হ মি না মি লি
আশির দশকে যারা বিটিভির দর্শক ছিলেন তাদের হয়তো এখনো মনে আছে, সেই সময়ে বিটিভির অন্যতম আকর্ষণ ছিল ইংরেজি অ্যাকশন টিভি সিরিজ। তখনকার দিনে ‘চার্লিস অ্যাঞ্জেলস’ টিভি সিরিজটির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। প্রতিটি এপিসোডে দর্শকদের চুম্বকের মতো ধরে রাখত। একটি প্রাইভেট ডিটেকটিভ অ্যাজেন্সিতে নিয়োজিত তিন দুঃসাহসী নারীর শ্বাসরুদ্ধকর সব অভিযানের বিবরণ দেখতে দর্শক অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করত। ছোট পর্দার সাড়া জাগানো কমেডি-অ্যাকশন ধাঁচের টিভি সিরিজ ‘চার্লিস অ্যাঞ্জেলস’ একই নামে বড় পর্দায় চলচ্চিত্র হয়ে আসে ২০০০ সালে। দর্শক সাদরে গ্রহণ করে ‘চার্লিস অ্যাঞ্জেলস’ সিনেমাটি। এ ছবিতে তিন নারী গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন ক্যামেরন ডিয়াজ, ড্রিউ ব্যারিমোর, লুসি লি। বড় পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল তিন অ্যাঞ্জেলের দুর্ধর্ষ সব কাণ্ডকারখানা। ২০০৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় কিস্তি ‘চার্লিস অ্যালেঞ্জস :ফুল থ্রটল’। এখানেও আগের সিনেমার তিন অ্যাঞ্জেল ক্যামেরন ডিয়াজ, ড্রিউ ব্যারিমোর ও লুসি লিকে দেখা গিয়েছিল। বক্স অফিসে এ ছবিও ধুন্ধুমার ঝড় তুলেছিল। এরপর দীর্ঘদিন বড় কিংবা ছোট পর্দায় চার্লিস অ্যাঞ্জেলদের বিচরণ দেখা যায়নি। এর মধ্যে ১৬ বছর সময় পেরিয়ে গেছে। দীর্ঘদিন পর আবার অ্যাঞ্জেলদের অ্যাকশন, থ্রিল, সাসপেন্স দর্শকদের আবিষ্ট করেছে। হালে মুক্তি পেয়েছে ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ফিল্ম সিরিজের তৃতীয় কিস্তি। অ্যাকশন কমেডি ধাঁচের ছবিটিতে প্রাইভেট ডিটেকটিভ অ্যাজেন্সিতে কাজ করা তিন নারীর অবিশ্বাস্য চোখ ধাঁধানো অ্যাকশন দর্শকদের প্রচণ্ডভাবে আলোড়িত করেছে। মজার ব্যাপার হলো এবারের ‘চার্লিজ অ্যাঞ্জেলস’ ছবিটি পরিচালনা করেছেনর একজন নারী। তিনি এলিজাবেথ ব্যাঙ্কস। তিনি এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন। নতুন প্রজন্মের তিন অ্যাঞ্জেলস হয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, নাওমি স্কট ও এলা বালিনস্কা। তিনজনই দাঙ্গাবাজিতে অত্যন্ত দক্ষতার প্রমাণ দিয়েছেন। শত্রুপক্ষকে কুপোকাত করতে বুদ্ধিমত্তা, সাহস ও শক্তির প্রমাণ দিতে বিন্দুমাত্র দেরি করেননি তারা। নতুন জেনারেশনের অ্যাঞ্জেল সেজে এই তিন অভিনেত্রী দারুণ খুশি। ২৯ বছর বয়সী ‘ক্রিস্টেন স্টুয়ার্ট প্যানিক রুম’, ‘ইন দ্য ল্যান্ড অব ওম্যান’, ‘টোয়ালাইট’ সিরিজের বেশ কয়েকটি ছবিসহ ‘অ্যানাস্থেশিয়া’, ‘ইকুয়ালস’, ‘ক্যাফে সো সাইটি’ প্রভৃতি সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে গভীরভাবে ঠাঁই করে নিয়েছেন। বিশেষ করে ‘টোয়ালাইট’ সিরিজের ছবিগুলোতে বেলা সোয়ান এবং ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হ্যান্টসম্যান’ ছবিতে স্নো হোয়াইট চরিত্রে ক্রিস্টেন স্টুয়ার্টের দুর্দান্ত অভিনয় দর্শক খুব সহজে ভুলতে পারবে না। এবার ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এ তিনি সাবিনা উইলসন চরিত্রে অভিনয় করেছেন। আরেক সুন্দরী অ্যাঞ্জেল এলিনা হাওলিন চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। ‘পাওয়ার রেঞ্জার’, ‘আলাদিন’ ছবিগুলোতে নাওমির পর্দা উপস্থিতিতে দারুণ চমক ছিল। এবার ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ছবিতে তার অভিনয় দর্শকদের নতুনভাবে আলোড়িত করেছে। ২৩ বছর বয়সী এলা বালিনস্কা এ ছবিতে বড় ধরনের সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন পুরোদমে। এটি তার ক্যারিয়ারে বড় ধরনের ব্রেক বলা যায়। ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ছবির ‘ভোন্ট কল মি অ্যাঞ্জেল’ গানে কণ্ঠ দিয়েছেন অ্যারিয়ান গ্র্যান্ড, মিলি সাইরাস, লানা ডেল রে মতো বিখ্যাত তিন জনপ্রিয় গায়িকা।