মির্জাপুরে এনজিও কর্মকর্তা খুন, আটক দুই সহোদর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রঞ্জিত কুমার পাল (৪৭) নামে দিশা এনজিওর এক মাঠ কর্মকর্তা খুন হয়েছেন। বুধবার উপজেলার দুল্যা বেগম গ্রামের একটি পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই সহোদরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ওই গ্রামের দুই সহোদর সানোয়ার হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।

নিহত অতুল কুমার পালের বাড়ি ঠাকুরগাঁও জেলার কোষামন্ডল পল গ্রামে। মির্জাপুর থানার ডিউিটি অফিসার মো. এরশাদ জানান, রঞ্জিত কুমার পাল দিশা এনজিওর মাঠ কর্মকর্তা। তিনি মির্জাপুর উপজেলা শাখার সিনিয়র ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন: রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক হয়নি

দিশা এনজিওর ম্যানেজার ছাবেদুল হক জানান, গতকাল মঙ্গলবার এনজিওর সঞ্চয় ও কিস্তির টাকা উত্তোলনের জন্য রঞ্জিত কুমার পাল উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম ও ইচাইল গ্রামে যান। তিনি সকালে অফিস থেকে বের হলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিসে ফিরে না আসায় রাত আটটার দিকে মির্জাপুর থানায় এনজিওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর আজ বুধবার সকালে স্থানীয় লোকজন দুল্যা বেগম গ্রামের জয়নাল মিয়ার বাড়ির কাছে ব্রিজের পাশে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন পুলিশ খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।তবে কি কারণে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে এনজিওর পক্ষ থেকে কিছু বলতে পারছেন না তিনি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. গায়েদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার মূল রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই সহোদরকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএএম