দক্ষিণ কোরিয়া ও সৌদির জাহাজ ছেড়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা

ইয়েমেনি বিদ্রোহীরা দক্ষিণ কোরিয়া ও সৌদির আটক জাহাজ ছেড়ে দিয়েছে। সেই সঙ্গে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা সপ্তাহান্তে ১৬ নাবিককেও মুক্তি দিয়েছে। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার দুই নাবিক রয়েছে। বিদ্রোহীরা তিনটি জাহাজ জব্দ করার সময় তাদেরকে আটক করেছিল। বুধবার সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে জব্দ ও আটক করা তিনটি জাহাজ ও ক্রু সদস্যদের সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, এ তিন জাহাজের মধ্যে দুটি দক্ষিণ কোরিয়ার ও একটি সৌদি আরবের।

মঙ্গলবার হুতিরা স্বীকার করে যে, তারা তাদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার পশ্চিমে উকবান দ্বীপ উপকূলের কয়েক মাইল দূরে লোহিত সাগরে তিনটি জাহাজ জব্দ করেছিল।