আবাহনীর নীরব দলবদল

গত ফুটবল মৌসুমে রেলিগেশন হতে বেঁচে যাওয়া মোহামেডান, নবাগত দল পুলিশ, শেখ রাসেল ক্রীড়া চক্র, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা মঙ্গলবার বাফুফে ভবনে আনন্দ-উল্লাস করে খেলোয়াড়দের নাম রেজিস্ট্রেশন করিয়েছে। ফুটবল খেলোয়াড় দলবদলের শেষ দুই দিনের প্রথম দিনে ক্লাবগুলো সাড়া ফেলে দিল। মোহামেডান এবং বসুন্ধরা কিংস তাদের সমর্থকদের নিয়ে দলবদলে অংশ নেয়। পুলিশ ক্লাবও তাদের সদস্যদের নিয়ে দলবদলে অংশ নেয়। পুলিশ ক্লাবের সভাপতি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ নিজে দলবদলে উপস্থিত ছিলেন। পুলিশের সুসজ্জিত ঘোড়া নিয়ে বড়ো ব্যানারে র্যালি করে ভবনে পা রাখে। সবার ধারণা ছিল দেশের ফুটবলের আরেক শক্তি, বড়ো দল আবাহনীও কাল দলবদলের শেষ দিনে খেলোয়াড়দের নিয়ে হাজির হবে। কিন্তু সেটা আবাহনী করেনি। গতকাল দলবদলের শেষ দিনে একজন অফিসকর্মীর হাতে খেলোয়াড় তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ফুটবল ভবনে। অপেক্ষায় থাকা সংবাদমাধ্যম হতাশ হয়েছেন। সমর্থক নির্ভর আবাহনী তার খেলোয়াড়দের অনুশীলনে রেখে রেজিস্ট্রেশন ফরমগুলো পাঠিয়ে দেয়। গত মৌসুমেও এভাবেই দলবদল করেছিল আবাহনী। সেবারও অপেক্ষায় থাকা সংবাদমাধ্যম হতাশ হয়েছিলেন। আবাহনী ছেড়ে চলে যাওয়া ফুটবলার হলেন আতিকুর রহমান ফাহাদ। বসুন্ধরা কিংস হতে নাসির চৌধুরী এবং শেখ রাসেল হতে সোহেল রানা এবং মোহামেডান হতে আতিকুর রহমান মিশু আবাহনীতে যোগ দিয়েছেন। মিশু বললেন,‘পাঁচ-ছয় বছর পর আবাহনীতে ফিরলাম।’ মিশু এর আগেও দুইবার খেলে এসেছেন। এছাড়া শেখ জামাল, শেখ রাসেলের মতো বড়ো দলগুলোতে খেলে ডিফেন্ডার মিশু মোহামেডান হয়ে আবার আবাহনীতে। গতবারের খেলোয়াড় ছাড়াও আবাহনীর ডেরায় রয়ে গেছেন হাইতির বেলফোর্ট, নাইজেরিয়ান সানডে চিজোবা, কোরিয়ান ফুটবলারকে ছেড়ে দিয়েছে, রক্ষণভাগের জন্য ব্রাজিল এবং মিশরের ফুটবলার নেওয়া হয়েছে। তাছাড়াও হাফ ডজন নতুন মুখ নেওয়া হয়েছে।

আবাহনী ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, উত্তর বারিধারা ক্লাব সন্ধ্যায় খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে। মুক্তিযোদ্ধা ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামিঙ্গোতে খেলা ফুটবলার আলবার্ট ফ্রাঙ্ককে এনেছে মুক্তিযোদ্ধা, দলের সঙ্গে জাপানি ফুটবলার নরিতো হাসিগুচি রয়েছেন। কোচ আব্দুল কাইউম সেন্টু, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি জহুরুল ইসলাম রোহেল জানিয়েছেন দেশি-বিদেশি ৩৪ জনের মধ্যে পুরোনো ১২ জন রয়েছেন। ক্লাব সভাপতি বলেন, ‘এবার কোনো খেলোয়াড়ের টাকা বাকি নাই।’ মুক্তিযোদ্ধার সঙ্গে কোচিংয়ে রয়েছেন সাবেক ফুটবলার দস্তগীর আহমেদ নীরা, গোলকিপার আরিফুর রহমান পান্নু, ম্যানেজার আরিফুল ইসলাম। চট্টগ্রাম আবাহনীর কোচ নেওয়া হয়েছে আরামবাগের মারুফুল হককে। চট্টগ্রামের শেখ কামাল ক্লাব  কাপ টুর্নামেন্টেও দলের কোচ ছিলেন মারুফুল হক।