চাপ সরিয়ে উচ্ছ্বসিত ব্রাজিল কোচ

কোপা আমেরিকা পুনরুদ্ধারের পর থেকেই কোনো জয় ছিলো না ব্রাজিলের। তার উপর সর্বশেষ ম্যাচে ছিলো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হার। ক্রমেই বাড়তে থাকা চাপটাকে দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে তাই অকপটেই মেনে নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। সে চাপটাকে এশিয় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে কি দারুণভাবেই না উড়িয়ে দিলো ব্রাজিল! ৩-০ গোলের এই জয়ে স্বস্তিও ফিরেছে সেলেসাও শিবিরে।

মঙ্গলবার রাতে আবুধাবীতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নবম মিনিটেই দলকে এগিয়ে দেন লুকাস পাকেতা। ৩৬ মিনিটে ফেলিপে কোটিনহো লক্ষ্যভেদ করলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর দানিলোর গোলে তিতের শিষ্যদের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায়।

মধ্যপ্রাচ্যের কন্ডিশনে কিছুটা সমস্যাই হচ্ছিলো দলটির। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এদিন ব্রাজিলকে হারাতে হয়েছিলো একেও। কোচ তিতে বলেন, ‘আজ দলটাকে সংগঠিত করাটা কঠিনই ছিলো কিন্তু তারা দারুণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে।’

কোপা আমেরিকার পর পাঁচ ম্যাচে জয়হীন থাকার পেছনে প্রধান কারণ ছিলো দলটির আক্রমণভাগের ব্যর্থতা। এদিন আক্রমণভাগের সবাই জ্বলে ওঠাতেই জয়খরা কেটেছে কোটিনহোদের। তিতের ব্যাখ্যা, ‘পুরো দলই দারুণ খেলেছে। বিশেষত আক্রমণভাগ। তারা চতুর্থ ও পঞ্চম গোলের খুব কাছেও চলে গিয়েছিলো তারা।’

আর্জেন্টিনা ম্যাচ থেকে এদিন পাঁচটি পরিবর্তন নিয়ে এসেছিলেন তিতে। তিনি জানান সুযোগটা দারুণভাবেই নিয়েছে খেলোয়াড়রা। ব্রাজিল কোচের ভাষ্য, ‘এটা ফাবিনহো, রেনান লোদি ও মিলিতাওয়ের জন্যে একটা সুযোগ ছিলো। তারা নিজেকে প্রমাণ করেছে।’

রিয়াল মাদ্রিদের হয়ে ছন্দে থাকা রদ্রিগোকে শুরুর একাদশে না দেখা নিয়েও প্রশ্ন উঠেছিলো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। তরুণ এই ফরোয়ার্ডকে অবশ্য দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে দেখা গিয়েছিলো। তিতে জানালেন দলের ধারাবাহিকতাই তার কাছে মুখ্য। ব্রাজিল কোচ বলেন, ‘সুযোগটা রদ্রিগোর ক্ষেত্রেও হতে পারতো। কিন্তু আমি দলে ধারাবাহিকতাকে প্রাধান্য দিয়েছি। ম্যাচে ভালো ছন্দে ছিলো দলটা।’

তবে বদলি হিসেবে মাঠে নামাতেও আপত্তি দেখাননি রদ্রিগো। আর এ ব্যাপারটাই মুগ্ধ করেছে ব্রাজিল কোচকে। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি ব্যক্তি হিসেবে নিজের আচরণে গর্বিত হওয়া উচিত তার। বাবা-মায়ের সঙ্গে সে যেন একটা আলিঙ্গন করে সে কথাও বলেছি। তারা তাকে দারুণ শিক্ষা দিয়েছেন। তার কোচ জাইর ভেঞ্চুরাকে ধন্যবাদ। তরুণ খেলোয়াড়দের জন্যে সে একটা উদাহরণ সৃষ্টি করেছে।’