ইউরোর ২০ দল চূড়ান্ত

ইউরো ২০২০-এর বাছাইপর্বের শেষ দিনে জার্মানি আর নেদারল্যান্ডস বড়ো জয় পেয়েছে। পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ওয়েলশ, বেলজিয়াম আর রাশিয়াও। মঙ্গলবার প্রতিযোগিতাটির বাছাইপর্ব শেষ হওয়ার ফলে ইউরোর ২০টি দল নির্ধারিত হয়ে গেছে। আরো চারটি দল আসবে প্লে অব খেলে।

ড্রয়ে কোন দল কোন পটে থাকবে সেটাও নির্ধারিত হয়ে গেছে। চমক হয়ে এসেছে ইউক্রেন। ফ্রান্স পর্তুগালদের টপকে জায়গা করে নিয়েছে শীর্ষ ছয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন আর ইউরোপীয় চ্যাম্পিয়নরা আছে যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় পটে।

ড্রয়ে পট নির্ধারণ করা হয়েছে বাছাইপর্বে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। ২৪ দল নিয়ে আগামী বছরের জুন-জুলাইয়ে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ড্র হবে আগামী ৩০ নভেম্বর, রোমানিয়ার রাজধানী বুখারেস্টে।

বাছাইপর্বে আট ম্যাচের ছয়টিতে জয় পায় ইউক্রেন। পর্তুগাল ও সার্বিয়ার বিপক্ষে তাদেরই মাঠে ড্র করে তারা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মূল পর্বের ড্রয়ে প্রথম পটে জায়গা হয়েছে ইউক্রেনের।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে প্রথম পটের দূরত্ব ছিল এক পয়েন্টের। নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করে যা ছিনিয়ে নেয় ইউক্রেন। বাছাইয়ে আট ম্যাচে ৭ পয়েন্ট হারানোয় শিরোপাধারী পর্তুগাল থাকছে তিন নম্বর পটে। তার মানে, মূল পর্বে ফ্রান্স গ্রুপ সঙ্গী হিসেবে পাবে ইতালি, ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম কিংবা স্পেনকে- একই গ্রুপে পড়ে যেতে পারে পর্তুগালও।

পট ১ :বেলজিয়াম, ইতালি, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইউক্রেন

পট ২ :ফ্রান্স, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস, রাশিয়া

পট ৩ :পর্তুগাল, তুরস্ক, ডেনমার্ক, অস্ট্রিয়া, সুইডেন, চেক রিপাবলিক

পট ৪ :ওয়েলস, ফিনল্যান্ড, প্লে-অব এ, প্লে-অব বি, প্লে-অব সি, প্লে-অব ডি। —বিডিনিউজ