গোটা দল তখন ইডেন গার্ডেন্সে অনুশীলন করছিল। ক্রিকেটরদের কেউ নেটে ব্যাটিং-বোলিং, কেউ ফিল্ডিং। ব্যাটসম্যানদের নেটের পাশেই গতকাল একাকী দৌড়াচ্ছিলেন সাইফ হাসান। দলছুট হয়ে তরুণ এই ওপেনারের অনুশীলনের কারণ তার আগেই সবাই জেনে গেছে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েও ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না সাইফের। দুর্ভাগ্যের আঙুলের ইনজুরির কারণে কলকাতা টেস্ট থেকে ছিটকে পড়েছেন এই তরুণ। গতকাল আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।
ইন্দোর টেস্টে বদলি ফিল্ডার হিসেবে স্লিপে ক্যাচ নিয়েছিলেন সাইফ। চেতেশ্বর পূজারার ক্যাচটা নিতে গিয়ে ডানহাতের কনিষ্ঠায় চোট পান তিনি। তার পর থেকেই বিশ্রামে ছিলেন সাইফ। পাঁচ দিন টানা বিশ্রামে থেকেও লাভ হয়নি। গতকাল ইডেন গার্ডেন্সে সাইফের আঙুল পরীক্ষার পর আরো বিশ্রামের পরামর্শ দেন চিকিত্সকরা। তার আঙুলে দুটি সেলাই পড়েছিল।
ইন্দোরে দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলামের পারফরম্যান্স আহামরি ছিল না। দুই বাঁহাতি ছেড়ে কলকাতায় ডানহাতি-বাঁহাতি ওপেনিং কম্বিনেশনের কথা ভাবতেই
পারত বাংলাদেশ। সাইফের ইনজুরিতে সেই পরিকল্পনা আলোর মুখ দেখছে না।
এদিকে গতকাল অনুশীলনে হালকা চোট পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। অনুশীলনের সময় মাথায় হালকা চোট পান তিনি। যদিও চোট গুরুতর নয়।
মাথায় চোট পেলে নাঈমকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে। করা হয় সিটি স্ক্যান। যেখানে খারাপ কিছু ধরা পড়েনি। গতকাল অনুশীলনের পর ড্রেসিংরুমে ফেরার সময় এই তরুণ ক্রিকেটার নিজেই বলেছেন, সবকিছু ঠিক আছে। ভালো আছেন।