পাবনায় ধর্ষণের পর হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

পাবনায় এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলায় অপর দুই জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দাড়িয়াল গ্রামের মৃত আনোয়ার খানের ছেলে ইকবাল খান ও পাবনার সুজানগর উপজেলার নিয়োগীর বনগ্রামের নিজামউদ্দিনের ছেলে আজিমউদ্দিন। মামলার বর্ণনায় জানা গেছে, মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রুবেল হোসেনের কাছে চলে যান রাজবাড়ির কালুখালি উপজেলার জলিল সরদারের মেয়ে কাকলী খাতুন। পরে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কথা বলে কাকলী খাতুনকে নিয়ে যায় রুবেলের বন্ধু ইকবাল ও আজিম।

২০১২ সালের ৩ সেপ্টেম্বর বাড়িতে ফিরিয়ে না দিয়ে সুজানগরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে তারা। পরদিন ৪ সেপ্টেম্বর সুজানগরের রামজীবনপুর মাঠ থেকে পুলিশ কাকলীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়।