নিয়ামতপুরে অপহূত শিশু উদ্ধার, গ্রেফতার তিন

নিয়ামতপুরে তিন বছরের শিশুকে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

উদ্ধারকৃত শিশু ওয়াশি বাবু উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামের নাজমুল হকের ছেলে। গ্রেফতারকৃতরা হলো—পিরপুকুরিয়া গ্রামের জুয়েল, সামসুল আলম এবং রাজশাহীর তানোর উপজেলার ধানুরা গ্রামের আবুল কাশেম। ওয়াশি বাবুর বাবা নাজমুল হক বলেন, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাড়ির শয়ন কক্ষে আমার বড়ো ছেলে লেভিনের সঙ্গে ছোটো ছেলে ওয়াশি বাবু ল্যাপটপে ছবি দেখছিল। সে সময় আমার স্ত্রী মাসুদা বেগম ওয়াশি বাবুর জন্য খাবার আনতে অন্য ঘরে যায় এবং বড়ো ছেলে দাদার ঘরে যায়। কিছুক্ষণ পর খাবার নিয়ে মাসুদা ঘরে ফিরে দেখে ছোটো ছেলে নেই। বিষয়টি পুলিশকে জানানো হলে পরদিন সকালে ধানখেতে ওয়াশিকে হাত-পা বাঁধা এবং মুখে টেপ মারা অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ বাহিনী, র্যাব নিয়ে সারারাত অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। পরে নিখোঁজ শিশুটিকে ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে পাঠানো হয়।