সংবাদ সংক্ষেপ

সাদুল্লাপুরে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক

গাইবান্ধা প্রতিনিধি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নে “তথ্য আপা-ডিজিটাল বাংলাদেশ” প্রকল্প (২য় পর্যায়ে) এর আওতায় সাদুল্লাপুরে উঠান বৈঠক হয়েছে। বুধবার উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবী নেওয়াজ প্রমুখ।

টুঙ্গিপাড়া আওয়ামী লীগের বর্ধিত সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পুকুরপাড় মিলনায়তনে এ সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোলায়মান বিশ্বাস, শেখ আহমেদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে বুধবার বিশ্ব শিশু অধিকার দিবস ১৯ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারীর বাস্তবায়নে চিলড্রেন এমপাওয়ারমেন্ট ফর প্রোটেকশন পারটিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে উপজেলার সোনারীপাড়া মীম-ছিন বালিকা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডব্লিউসিবি -এর চিলমারী প্রকল্প অফিসার মোঃ আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সুপার মো. ইসকেন্দার মির্জা।

যক্ষ্মা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

লালমনিরহাট প্রতিনিধি জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বুধবার ‘যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট বার্তা কার্যালয়ে যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধের উপায় এবং চিকিত্সা বিষয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাফিজুর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি কর্মচারী কল্যাণ সমিতির  সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ। 

কলমাকান্দায় কৃষি উপকরণ বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কলমাকান্দায় বুধবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হয়েছে। উপজেলার ৭২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে সরিষা ৫৫০ জন, ভুট্টা ৮০ জন ও মুগডাল ৯০ জনকে প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে সরিষা বীজ ১ কেজি, সার ৩০ কেজি, ভুট্টা ২ কেজি ও মুগডাল ৫ কেজি এবং ২০ কেজি করে সার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক সমাবেশে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার।

নবজাতকের মৃত্যু শনাক্তকরণ-পর্যালোচনা সভা

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা  নেত্রকোনার কলমাকান্দায় বুধবার উপজেলা স্বাস্থ্য মিলনায়তনে উপজেলা পর্যায়ে প্রসূতি ও নবজাতকের মৃত্যু শনাক্তকরণ, অবহিতকরণ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার ও পরিকল্পনা বিভাগের আয়োজনে ও কেয়ার জি এস কেসি এইচডব্লিউ, ইনিসিয়েটিভের সহযোগিতায় পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার ও ইউএনও মো. জাকির হোসেন।

লালপুরে অভ্যন্তরীণ ধান সংগ্রহ শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ অভিযান ২০১৯-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালাহ্ উদ্দীন, খাদ্য পরিদর্শক জুনায়েদ কবীর, আইসিটি অফিসার সোহেল রানা প্রমুখ। চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৯ লাখ ১২ হাজার মেট্রিক টন।

সুন্দরগঞ্জে নারী উদ্যোক্তা পণ্য মেলার উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের আয়োজনে উদ্বোধনী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ফিল্ড অপারেটর সুরুজ আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন।

কুমারখালীতে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় ও আগ্রহী করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা। মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন ইউএনও মো. রাজীবুল ইসলাম খান। এসময় মুক্তির প্রকল্প সমন্বয়ক জায়েদুল হক মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের তৈরি বাতাস বিশুদ্ধকরণ যন্ত্র, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, সৌর বিদ্যুত্ প্যানেলসহ বিজ্ঞানের বিভিন্ন উপকরণ স্টলে স্টলে প্রদর্শন করে। 

নাটোরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

নাটোর প্রতিনিধি প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে বুধবার থেকে নাটোরে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান। সকালে নাটোর সদর উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধান সংগ্রহ অভিযান।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং সরবরাহ পরিস্থিতি মনিটরিংকল্পে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক মো.শাহআলম প্রমুখ। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

হরিণাকুণ্ডে দুই মাদক ব্যবসায়ী আটক

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা হরিণাকুণ্ডুতে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো—উপজেলার হরিশপুর গ্রামের রব্বানী মন্ডলের ছেলে বারেক আলী ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মোহাম্মদ জুমা গ্রামের আলী বক্সের ছেলে রেজাউল ইসলাম। বুধবার সকালে উপজেলা শহরের চাতাল মোড় এলাকা থেকে পুলিশ ও র্যাবের পৃথক দুটি টিম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ ও র্যাবের পৃথক দুটি মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রংপুরে ১০ জয়িতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে ১০ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার আরডিআরএস বাংলাদেশ অডিটরিয়ামে রংপুরের শ্রেষ্ঠ ১০ জয়িতাকে সংবর্ধনা দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা। রংপুর বিভাগীয় কমিশনার মো. তারিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।