রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। শেষ দিনে মেলায় বিপুল সংখ্যক করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। মেলার শেষ দিনে মেলা সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে করদাতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অতীতের চেয়ে এবার আয়কর মেলার পরিধি বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও ব্যাপক উপস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার বুথের সামনে করদাতাদেও লম্বা লাইন পড়ে যায়। এছাড়া করদাতাদের অনেককেই ফ্লোরে বসে রিটার্ন ফরম পূরণ করতে দেখা যায়। শুধু তাই নয়, অনেকে তাঁবুর বাইরেই যেভাবে পেরেছেন, রিটার্ন ফরম পূরণ করে জমা দিয়েছেন।
রাজধানীর ধানমন্ডি থেকে মেলায় এসে কর দিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনিসুর রহমান। রিটার্ন ও টাকা জমা দেওয়ার পর তিনি বলেন, টেনশনমুক্ত হলাম। তিন বছর ধরেই মেলায় কর দিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। কর্মকর্তারাও সহযোগিতা করছেন। আয়কর অফিসগুলোতেও এমন পরিবেশ নিশ্চিত করা দরকার।
মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও এনবিআর সদস্য কালিপদ হালদার ইত্তেফাককে বলেন, করদাতারা আয়কর মেলায় এসে কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মানুষের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও কর প্রদান তারই প্রমাণ। কর অফিসেও এখন পরিবেশের অনেক উন্নতি হয়েছে। করদাতারা সেখানেও মেলার মতো পরিবেশে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
মেলা সফল করতে আয়কর বিভাগের বিভিন্ন অফিসের কর্মকর্তারাও পরিশ্রম করছেন। একজন যুগ্ম কমিশনার ইত্তেফাককে বলেন, এত পরিশ্রমের পর দিন শেষে করদাতাদের মধ্যে স্বস্তি দেখলে উত্সাহিত হই। করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে বহু মানুষই কর দিতে উত্সাহিত হবে।
২৯৩ কোটি টাকা কর দিল ২১ বৃহত্ করদাতা প্রতিষ্ঠান
গতকাল মেলায় ২১টি বৃহত্ করদাতা প্রতিষ্ঠানও তাদের আয়করের একটি অংশ জমা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়ার হাতে এসব প্রতিষ্ঠান সর্বমোট ২৯৩ কোটি টাকা আয়কর জমা দিয়েছে। এ উপলক্ষ্যে আয়কর মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান চলতি মাসের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কর অফিসেও আয়কর মেলার মতোই পরিবেশ পাওয়া যাবে। কোনো অফিসে করদাতারা হয়রানির শিকার হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। গতকাল মেলায় যেসব প্রতিষ্ঠান কর দিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, স্কয়ার ফার্মা, সাধারণ বীমা করপোরেশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।