রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চায়িত হলো ইরানের ‘ক্রেজি বডি গ্রুপ’ এর নাটক ‘মিস্টিরিয়াস গিফট’। অন্য গ্রহের একটা প্রাণীর সঙ্গে এক জন মানুষের সম্পর্ক এ নাটকের মূল উপজীব্য। নাটকটি নির্দেশনা দেওয়ার পাশাপাশি অভিনয় করেন ইয়াসের কাসেব। বটতলা আয়োজিত রঙ্গমেলার পঞ্চম দিনের আয়োজনে নাটকটির প্রদর্শনী হয় ঢাকা মঞ্চে। রঙ্গমেলার পঞ্চম দিনের আয়োজন বুধবার সন্ধ্যায় শুরু হয়। এদিন নাদিম মঞ্চে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস প্রোগ্রামের পরিবেশনায় মঞ্চস্থ হয় মূকাভিনয় ‘তাহাদের গল্প’। এটি পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মাসউদুর রহমান। এরপর সন্ধ্যা ৭টায় বিভাগীয় সম্মাননা প্রদান করা হয় রংপুর বিভাগের নাট্যজন সবিতা সেনগুপ্তকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আসাদুজ্জামান নূর। একইসঙ্গে রূপসজ্জাকর শুভাশীষ দত্ত তন্ময়ের হাতে তুলে দেন অন্তরালের সম্মাননা। পরে সাড়ে ৭টায় শুরু হয় ইরানের নাটক ‘মিস্টিরিয়াস গিফট’। নাটক শেষে অভিনয় শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন অনুস্বর নাট্যদলের প্রধান ও নাট্যনির্দেশক ড. মোহাম্মদ বারী।
পাঁচ দেশের শিল্পীদের নিয়ে গত ১৬ নভেম্বর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে এগার দিনব্যাপী ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। বাংলাদেশের দুটিসহ ভারত, স্পেন, ইরান, নেপালের ৮টি নাট্যদল তাদের নাটক পরিবেশন করছে রঙ্গমেলায়।
মৈমনসিংহ গীতিকার খণ্ডিত অংশ নিয়ে নাটকের দল নাগরিক নাট্যাঙ্গন শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে লোককাহিনীর নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’। পাঁচ দিনের আইডিএলসি নাট্য উত্সবের দ্বিতীয় দিন গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। নাচে, গানে ভরপুর এ নাটকটিতে ফুটে ওঠে আবহমান বাংলার লোকসংস্কৃতির শৈল্পিক সৌন্দর্য। হূদি হকের পুনর্কথন ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের নিয়মিত নাট্যকর্মীরা। ২৩ নভেম্বর শেষ হবে পাঁচদিনের এ নাট্যোত্সব।