বিপজ্জনক গ্যাস সিলিন্ডার

বগুড়া শহরের সাতমাথা সব সময় লোকে লোকারণ্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ব্যবসা-বাণিজ্য। যানজট আর জনজট লেগেই থাকে। এ অবস্থায় বিকাল থেকে শুরু হয় চটপটি, ফুচকা, ভাপাপিঠাসহ নানা ধরনের মুখরোচক খাবারের অস্থায়ী দোকান। এইসব খাবার তৈরি করতে আর গরম রাখতে দোকানিরা জ্বালানির জন্য এলপি গ্যাস ব্যবহার করেন। এই গ্যাস ভর্তি সিলিন্ডার ভ্যান, ঠেলাগাড়ি বা ব্যাটারিচালিত রিকশার রডে বা হাতলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। সাত মাথার মতো জনবহুল স্থানে এবং খোলা আকাশের নিচে গ্যাস ভর্তি সিলিন্ডার ব্যবহার খুবই বিপজ্জনক। দুর্ভাগ্যক্রমে যদি কখনো কোনো কারণে এই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, তাহলে বহু লোক হতাহত হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি নিয়ন্ত্রণের জন্য দাহ্য পদার্থ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্যোগ নেবে বলে আশা করি।

মো. মুরশীদ আলম, জলেশ্বরী তলা, বগুড়া ৫৮০০