আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক কার্যকরী সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ইসির নির্বাচনী ব্যবস্থাপনা শাখা থেকে আগামী ১৩ জানুয়ারি উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে কমিশনে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আসনটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। ইসির সংশ্লিষ্ট সূত্র এ খবর জানিয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আসনটির ভোটগ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে কমিশনের। বিগত নবম, দশম ও সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মইন উদ্দীন খান বাদল। গত ৭ নভেম্বর মইন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হূদেরাগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে।