গুজব সৃষ্টি করে লবণের কৃত্রিম সংকট তৈরি ও মূল্যবৃদ্ধির কারণে গতকাল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। মাঠে নামেন জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও পুলিশ। এ সময় এ অপরাধে ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, জরিমানা ও দোকান সিলগালা করে দেওয়া হয়। এছাড়া গুজবরোধে মতবিনিময় ও ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন। এদিকে এই গুজবের মধ্যেও মূল্য না পাওয়ায় টেকনাফের মাঠে হাজার হাজার মেট্রিক টন লবণ এখনো অবিক্রিত অবস্থায় পড়ে আছে বলে জানা গেছে। এমনকি এ কারণে লবণচাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সাতক্ষীরা:লবণের কৃত্রিম সংকট ও গুজব সৃষ্টি করে মূল্যবৃদ্ধির অপরাধে সাতক্ষীরায় পাঁচ ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড এবং অপর সাত জনকে ৫৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে বুধবার সকাল থেকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
বাগেরহাট:মঙ্গলবার সন্ধ্যায় অধিক দামে লবণ বিক্রি করায় শহরের খোকন সাহা ও মোরেলগঞ্জ উপজেলা সদরে বাবুল সাহা ও খোকন শেখ নামে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় অতিরিক্ত মূল্যে লবণ কেনাবেচার অপরাধে একজন ক্রেতা ও তিন ব্যবসায়ীকে বাজার থেকে আটক করে পুলিশ।
কেরানীগঞ্জ (ঢাকা): লবণের গুজবকে পুঁজি করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কেরানীগঞ্জ উপজেলায় ৩১ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ও বুধবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) ও মো. কামরুল হাসান সোহেল।
দোহার নবাবগঞ্জ (ঢাকা): গুজব সৃষ্টি করে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে দোহার উপজেলায় সতেরো জন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
ধামরাই (ঢাকা):লবণ নিয়ে গুজব ছড়ানোর সঙ্গে সঙ্গেই মাঠে নামেন ধামরাইয়ের জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চালানো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে ১০ জনকে জরিমানা করা হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে আট দোকানদারকে জরিমানা ও পাঁচ দোকান সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে চলে এই অভিযান।
রায়পুরা (নরসিংদী): উপজেলার বিভিন্ন হাটবাজারগুলো লবণের গুজব ছড়ানোর সঙ্গে সম্পৃক্ততা থাকায় এবং অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অপরাধে গতকাল বুধবার ১৪ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
নিয়ামতপুর (নওগাঁ): উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় উপজেলা সদরের দুই লবণ বিক্রেতা ও বরেন্দ্র বাজারের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কালিয়া (নড়াইল): দাম বৃদ্ধির গুজবে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় নড়াইলের কালিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ইউএনও ও এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ঐ জরিমানার আদেশ দেন।
তালা (সাতক্ষীরা): মূল্যবৃদ্ধির গুজবরোধে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এদিকে পাটকেলঘাটা বাজারে লবণ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা ও একজন ক্রেতাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।