নিউ রাজধানী সুপার মার্কেটের ৫০ দোকান পুড়ে ছাই

টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের বর্ধিত অংশ নিউ রাজধানী সুপার মার্কেটের অর্ধশত দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে মার্কেটের দোতালায় একটি তৈরি পোশাক বিক্রির দোকান থেকে আগুন লাগে।

দোতালার সব দোকান তৈরি পোশাক বিক্রির দোকান বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় মার্কেট খোলা ছিল। আগুন দেখে চিত্কার করে ক্রেতা ও বিক্রেতারা হুড়মুড়িয়ে বেরিয়ে পড়েন। খবর পেয়ে প্রথম দফায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানো শুরু করে। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ২৫টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে  সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে অর্ধশত দোকানের সব মালামাল পুড়ে গেছে। দোকান মালিকরা ধারণা করছেন, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা।

১৯৯৫ সালে চালু হওয়া দোতলা টিনশেড এই বিপণি বিতানে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের ১৭৮৮টি দোকান রয়েছে। প্রথম দফায় নির্মিত অংশের নাম রাজধানী সুপার মার্কেট। এরপর ১০ বছর আগে এই মার্কেটের সামনের খোলা অংশে অনুরূপ ডিজাইনে স্টিল ও টিন দিয়ে তৈরি করা হয় নিউ রাজধানী     সুপার মার্কেট। এই মার্কেটের দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু সম্প্রতি চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হন।

নিউ রাজধানী সুপার মার্কেটের দোতালায় ৬৩টি দোকান রয়েছে। এসব দোকানে বেশির ভাগই তৈরি পোশাক ও কসমেটিক্স বিক্রি হয়। মার্কেটের নিচতলায় বেশির ভাগ দোকানে জুয়েলারি সামগ্রী বিক্রি হয়।

ওয়ারী থানার ওসি আজিজুর রহমান বলেন, আগুন যখন লাগে তখন সব দোকান খোলাই ছিল। আগুনে অর্ধশত দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আবদুল খালেক জানান, কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো স্পষ্ট নয়। বিকালে মার্কেটের পূর্ব দিক থেকে ধোঁয়া উড়তে দেখে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আগুনের বিষয়টি জানান এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী শাহপরান দোকানের মালিক শাহ পরান বলেন, নিউ রাজধানী সুপার মার্কেটের দোতালায় তার দোকান। তার দোকানের সামনে প্রবেশ গেটের কলাপশিবল গেটে ঝালাইয়ে কাজ চলছিল। তার দোকানের পাশেই একটি ফোম বিক্রির দোকান। ঝালাইয়ের কাজ করার সময় ওয়েল্ডিং থেকে আগুনের ফুলকি দোকানের সামনে রাখা ফোমে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ফোমের মধ্যে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। তখন সবাই আগুন আতঙ্কে চারদিক দিগ্বিক ছোটাছুটি করতে থাকে। ক্রেতারাও আত্মরক্ষার্থে সিঁড়ি দিয়ে নামতে থাকে।