তাত্ক্ষণিক উদ্যোগের কারণে গুজব রটনাকারীরা সফল হয়নি: শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশব্যাপী লবণের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও লবণের দাম হু হু করে বেড়েছে। আমরা তাত্ক্ষণিক উদ্যোগ নেওয়ায় গুজব রটনাকারীরা সফল হয়নি। গতকাল বুধবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

২০১৭ সালে দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪৮ জন উদ্যোক্তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা সিআইপি হিসেবে সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ মজুমদার অতীতের সরকারকে দায়ী করে বলেন, তাদের লুটপাটের কারণে রাষ্ট্রীয় শিল্প ৬৪ থেকে ১৩টিতে এসে দাঁড়িয়েছে। কোনো নিয়ম মানে না, বিপর্যস্ত অবস্থায় রয়েছে। যাতে বন্ধ হয়ে গেলে অল্প দামে নিতে পারে।

আলোচনায় অংশ নিয়ে সালমান ফজলুর রহমান বলেন, সরকার রপ্তানিকারকদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছে, তা সব রপ্তানিকারক পাবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এছাড়া রপ্তানির হ্রাসকৃত হারে যে কর নির্ধারণ করা হয়েছে (১ শতাংশ থেকে ০.২৫ শতাংশ) তা অক্টোবর নয়, জুলাই থেকে কার্যকর করার জন্য বলে দেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিওসিসিআই) সভাপতি সেলিমা রহমান প্রমুখ।