বিমানে পেঁয়াজের প্রথম চালান এলো পাকিস্তান থেকে

বিমানে করে পাকিস্তান থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। তীব্র গতিতে বেড়ে উঠা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ নিয়ে আসার ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এই পেঁয়াজ আসার কথা থাকলেও গতকাল বুধবারও এই পেঁয়াজ আসেনি।

তবে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পেঁয়াজের প্রথম চালানটি আসে পাকিস্তান থেকে। বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী বিমানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। ইতিমধ্যে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার বলেন, ‘পাকিস্তান থেকে পেঁয়াজের একটি চালান এসেছে। দ্রুত খালাসের জন্য তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’

এদিকে আকাশপথে  পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ।

এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসার কথা গতকাল বুধবার দিবাগত রাত ১টায়। আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র থেকে এ পর্যন্ত ২ হাজার ৭ টনের অনুমতি নেওয়া হয়েছে। এর মধ্যে এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে ১ হাজার ৯২৫ টনের।