ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদের বিরুদ্ধে মামলা

ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (বর্তমানে অপসারণকৃত) এ কে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামি এ কে এম মমিনুল হক সাঈদ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে অসত্ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা এবং অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২ শত ৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তার নিজ দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তত্সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া আসামি মমিনুল হক ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ পন্থায় নামে বেনামে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জন করেছেন বলে দুদক প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। উক্ত সম্পদসংক্রান্ত বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ বিধায় তদন্তকালে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার আওতায় তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে। সেক্ষেত্রে সঠিক তথ্যাদি সংগ্রহ করতে পারলে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ অবৈধ পন্থায় অর্জিত সম্পদের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে মর্মে প্রতীয়মান হয়। অপরদিকে আসামি মমিনুল হক সাঈদ তার নিজ নামে, স্ত্রী, সন্তান বা অন্যকোনো ব্যক্তির নামে আরো সম্পদ অর্জন করেছেন কি-না সে বিষয়েও তথ্যাদি প্রাপ্তি সাপেক্ষে তদন্তকালে আইন আমলে নেওয়া হবে।