বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এই সরকার চায় না খালেদা জিয়া জেল থেকে বাইরে আসুক। কৌশলে খালাদে জিয়াকে আটকে রেখেছে। গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফখরুল আরো বলেন, যে মামলায় খালোদা জিয়াকে আটক করে রাখা হয়েছে, তা সাজানো একটি মামলা। এই মামলায় খালেজা জিয়ার বেল পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে, সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রেখে ভুল কাজ করছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন, তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে, সেটি কাটিয়ে উঠতে পারত। সরকার যদি খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে, তাহলে এই সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে। ফখরুল বলেন, এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। এ কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা।