বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ‘প্যারোল নাকি জামিনে’—এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নেত্রীর মুক্তি প্যারোলে নাকি জামিনে—এই নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব; কিন্তু নেত্রীর মুক্তি যে রাজপথেই সম্ভব সেই বিষয়টি কেন জানি আমরা বিবেচনায় নিচ্ছি না। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া-মাহফিলে তিনি একথা বলেন।
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দোয়া-মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।
মির্জা আব্বাস বলেন, আজকে দেশের এমন অবস্থা যে, আমাদের নেত্রী কেমন আছেন, কী অবস্থায় আছেন সেটাও আমরা জানতে পারছি না। কিছুদিন পরপর একটা গৃহপালিত মেডিক্যাল বোর্ড হয়।