প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানিতে অন্যতম মূল সাক্ষী মার্কিন কূটনীতিক গর্ডন সোন্দল্যান্ড বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেনকে চাপ দিতে তিনি প্রেসিডেন্টের নির্দেশ মতো কাজ করেছেন। ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত কূটনীতিক সোন্দল্যান্ডের সাক্ষ্য অনুযায়ী ইউক্রেন বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোন্দল্যান্ডের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশে রাজনৈতিকভাবে সুবিধা দিতে তদন্তের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও পুরোপুরি সমর্থক ছিলেন।
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য গত জুলাইয়ে ইউক্রেনের নতুন প্রেসিডেন্টকে চাপ দেয় ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প এজন্য ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তাকে ‘ঘুষ’ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্পকে অভিশংসনের জন্য তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
গতকাল উন্মুক্ত শুনানিতে সাক্ষ্য দেন কূটনীতিক গর্ডন সোন্দল্যান্ড। তিনি একজন ধনী হোটেল ব্যবসায়ী এবং রিপাবলিকান ও ট্রাম্পের তহবিলদাতা। এ কারণে তার সাক্ষ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গুলিয়ানির সঙ্গে কাজ করেছি। এটা প্রেসিডেন্টের আদেশ ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, তিনি অনৈতিক কোনো কাজ করনেনি এবং কোনো কিছুর বিনিময়ে কাজ করতে চাপ দেননি। তিনি আরো বলেন, আমি সোন্দল্যান্ডকে ভালোভাবে চিনি না। তবে তাকে দেখে একজন ভালো মানুষ মনে হয়। খবর:বিবিসি ও রয়টার্সের।