স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের প্রেক্ষিতে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে বিভিন্ন জেলায় চলমান বাস ধর্মঘটও প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ঐক্য পরিষদের আহবায়ক রুস্তম আলী খান।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ৯ দফা দাবির মধ্যে বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। এরমধ্যে চালকদের লাইসেন্সে সমস্যা, ট্রাক কাভার্ডভ্যানের দৈর্ঘ বিষয়ক সমস্যা সমাধানের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
চলমান সংকট নিরসনে গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে রাত পৌনে ১টা পর্যন্ত। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগের সচিব নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান কামরুল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের ৯ দফা দাবি নিয়ে আলোচনা করেছি। লাইসেন্স, ফিটনেস সনদ আপডেটের জন্য তাদের ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা আইন সংশোধনের যে দাবি জানিয়েছেন সেটা বিবেচনার জন্য সুপারিশ আকারে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাব। তারা এগুলো বিবেচনা করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।
এদিকে সড়কে অচলাবস্থা নিরসনে এই বৈঠক ডাকা হলেও তাতে যোগ দেননি সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। যারা ধর্মঘট ডেকেছে, তাদের ধর্মঘট প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, সড়ক পরিবহন আইনের কিছু বিষয় নিয়ে শ্রমিক ফেডারেশনের নেতারা বৃহস্পতিবার (আজ) আলোচনায় বসবেন। কী কী বিষয়ে পরিবর্তন ও সংশোধন করা দরকার, সেগুলো চিহ্নিত করা হবে। আইনের পরিবর্তন সংশোধনের বিষয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত আসবে তার আলোকে সরকারকে একটি ‘ডিমান্ড’ দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক রুস্তম আলী খান, যুগ্ম আহবায়ক হাজী মুকবুল আহমেদ, সদস্য সচিব ও বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম তাজু, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকা ছাড়াও বিভিন্ন বিভাগীয় শহরের শ্রমিক ও মালিক নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার ট্রাক ও পণ্য পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। এছাড়া দেশের বিভিন্ন রুটেও গণপরিবহন বন্ধ রেখেছিল পরিবহন মালিক ও শ্রমিকরা।