চাষার বোনা মাঠের সোনা

উত্পলকান্তি বড়ুয়া

 

হালকা হিমেল হাওয়ার লগন এসেছে এই পাড়ে

কাতিক-আগন দুজন এসে হেমন্ত-দোর নাড়ে।

দুজন এসে ভালোবেসে সোনালি ধানখেতে

দিয়েছে বেশ সুখের ডালা পেতে।

 

সামনে খানিক নুইয়ে, মাথা ঝুঁকে—

আলপনা-সাজ আঁকে শিশির সবুজ ঘাসের বুকে।

হালদা নদীর ছোট্ট নরম ঢেউয়ের সিঁড়ি বেয়ে

হাঁসেরা ঝাঁক বেঁধে চলে খুশির চিঠি পেয়ে।

 

বিকেল নামে রোদের হলুদ মেখে

পড়ার ঘরে খোকন পড়া শেখে

চাষার বোনা মাঠের সোনা স্বপ্নরাঙা দিন

কাস্তে হাতে বুক-অন্তরে তাক ধিনা ধিন ধিন।

 

চাষা বউয়ের আশার প্রদীপ নতুন আলোর রূপ

সোনা ধানের পালায় উঠোন ছড়ায় খুশির ধূপ।

ড্যাম কুড় কুড় কুড়—

নতুন চাচী-জেঠির পায়ে ঢেঁকির ওঠে সুর।

 

সকল ঘরে রান্না-খাওয়া আনন্দ কী সব!

নতুন চালের পিঠা-পুলির সুবর্ণ উত্সব।