শচীন্দ্র নাথ গাইন
আলতো হিমেল হাওয়ার ছোঁয়ায় দু’চোখ হারায় ঘুম,
ভোরের আলোর ঝিলিক এসে কপালে দেয় চুম।
শিশির ভেজা দূর্বাঘাসের ঝলমলানো রূপ,
বাউরি বাতাস হয় না মাতাল এখন সে তো চুপ।
রাশি রাশি পাকা ধানে সোনালি রং মাখা,
সবুজ-কোমল-সতেজতার স্বপ্ন তাতে আঁকা।
নরম রোদের গড়িয়ে দুপুর—বিকেল এলে কাছে,
সুর ছড়িয়ে উতল করে গানের পাখি নাচে।
রুপালি চাঁদ জ্যোত্স্না ঝরায় রাতটা যখন নামে,
স্নিগ্ধ আলো দেয় পাঠিয়ে আদরভরা খামে।
হিমকুয়াশার বার্তা বয়ে হেমন্ত যেই আসে,
মেঘমুক্ত উদার আকাশ খিলখিলিয়ে হাসে।