হেমন্ত

বাশার মাহফুজ

 

হেমন্তদিন আদরমাখা হালকা শীতের ইষ্টি

কলাপাতায় শিশিরফোঁটায় নামছে যেন বিষ্টি!

ভোর বেলাকার ধুম কুয়াশা যায় না দেখা কিছু

ঝিরি হাওয়া কাঁপন দিয়ে ছুটছে পিছু পিছু।

 

পাখির পালক মিষ্টি রোদে গা এলিয়ে থাকা

আঁকার খাতায় সবুজ জমিন সূর্যিকিরণ মাখা।

অলস সময় আলসেমিতে গল্প হাজার মুখে

নাম লিখে দেই হেমন্তদিন সবুজ পাতার বুকে।

 

পিচ্চি বিড়াল ছাগলছানা খেলার ছলে ছোটে

বাঁধতে বাসা চড়ুই-ঘুঘুর খড়কুটো দিন ঠোঁটে।

নতুন ধানের পিঠার স্বাদে উঠলো নেচে পাড়া

মিষ্টি রোদে গান ধরে না হেমন্তকে ছাড়া।