নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও সাতক্ষীরায় এখনও চলছে অঘোষিত বাস ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকে চতুর্থ দিনের মত বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরীণ বাস চলাচল।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। ইজিবাইক, মাহেন্দ্র, ইঞ্জিনভ্যানসহ বিভিন্ন যানবাহনে তারা যাতায়াত করছেন। তবে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও বিআরটিসিসহ সীমিত সংখ্যক ট্রাক চলাচল করতে দেখা গেছে।
বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, চালকেরা জেল-জরিমানার ভয়ে স্বেচ্ছায় গাড়ি চালাচ্ছেন না। তবে সার্বিক বিষয় নির্ভর করছে আজ ও আগামীকালকের শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্তের ওপর।
আরও পড়ুন: ছাত্রীকে ‘দেহ ব্যবসায়ী’ বানানো সেই চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
অপরদিকে, ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে ভোমরা স্থলবন্দরে। এর ফলে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। ট্রাক ঠিকমত না পাওয়ায় তাদের দ্বিগুণ খরচে পণ্য পরিবহন করতে হচ্ছে। বন্দর থেকে সীমিত সংখ্যক ট্রাক মালামাল নিয়ে বন্দর ছাড়ছেন বলে জানা গেছে। এর ফলে নষ্ট হচ্ছে পচনশীল দ্রব্য।
উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠকের পর দাবি মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
ইত্তেফাক/এএএম