এক বিশ্ব, এক নেট, এক লক্ষ্য শ্লোগানে ১৬ নভেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হলো চতুর্দশ বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বৈঠক। বার্লিন সম্মেলনকে সামনে রেখে দিনব্যাপী এই আলোচনা সভায় ডেটা গভর্নেন্স, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা, নির্ভরযোগ্যতা, স্থিতি এবং সহনশীলতা বিষয়ে আলোচনা করা হয়। চারটি সেশনে অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনে আলোচনা করা হয় ইন্টারনেট প্রশাসনে তরুণদের অন্তর্ভুক্তি বিষয়ে।
ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিওয়াইডিএফ) নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তীর সঞ্চালনায় ‘বাংলাদেশ ইয়্যুথ আইজিএফ’ বিষয়ে এই সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (অ্যাপনিক)পলিসি অ্যান্ড কমিউনিটি য়েভেলপমেন্ট বিভাগের সিনিয়র অ্যাডভাইজার শ্রিনিভাস গৌদ সিন্ধি, ফ্রেডরিক নোমান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ বাংলাদেশ) প্রতিনিধি তানভীর আহসান, নভোকম লিমিটেড সিস্টেম ইঞ্জিনিয়ার ফারহা দিবা, ইয়্যুথ ইন্ডিং হাঙ্গার বাংলাদেশ ঢাকা বিভাগের সমন্বয়ক সানজিদা জামান এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন। ঘণ্টাব্যাপী এই আলোচনা শেষে অংশীজনদের নিয়ে আয়োজিত এই সভার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপর্সন হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রথম অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (অ্যাপনিক) ডিরেক্টর জেনারেল পল বায়রন উইলসন, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, ফ্রেডরিক নোমান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসাইন, বিআইজিএফ জেনারেল মোহাম্মাদ আব্দুল হক অনু প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শেষ অধিবেশনে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ইন্টারনেট প্রশাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন (ফোর আইআর) ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তামজিদুর রহমান।