‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায়। গত বছরের ঈদুল আজহায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রদর্শিত হয় ছবিটি। এরপর দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শনী হয়। গত মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকায় প্রথমবারের মতো দেখানো হয় সিনেমাটি। প্রদর্শনীগুলো পরিচালকের নিজ উদ্যোগেই হয়েছে। যারা দেখেছেন তারা বেশ প্রশংসা করেছেন সিনেমাটির। স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অন্তু আজাদ জানান, আগামী মাস থেকে ঢাকায় নিয়মিত শো চলবে। তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে সিনেমা নির্মাণের চেয়ে দেখানোটা বেশি কষ্টকর!
গত বছরের ১ জুলাই আনকাট সেন্সর পায় ছবিটি। যদিও পূর্ণাঙ্গ সিনেমার গল্প কয়েকটি স্তরে প্রবাহিত। তবে গল্পের উপরিতলে শাপলা ও সবুজের একটি বিরহ নির্ভর প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা। এর সমান্তরালে চলবে অন্যান্য গল্পও। দেবীগঞ্জ থানায় সিনেমাটির সিংহভাগ অংশের শুটিংও সম্পন্ন হয়, আর গল্পটিও এই জনপদের।’
২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি নিজস্ব অর্থায়নে ছবিটির নির্মাণ কাজ শুরু করেন তিনি। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান ও সুজন মাহাবুব। এছাড়াও রয়েছেন গাজী রাকায়েত, অনন্যা হক, আলী আহসান, শেলী আহসান, জয়া প্রমুখ।