গোলাপি টেস্টের স্টেশন এখন কলকাতা

দিবারাত্রির টেস্টের প্রবর্তনটা খুব বেশিদিন আগের নয়। ক্রিকেট ইতিহাসের প্রথম গোলাপি বলের টেস্টটা হয়েছিল ২০১৫ সালে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড খেলেছিল ম্যাচটি। অস্ট্রেলিয়ার জয়ে শেষ হয়েছিল প্রথম দিবারাত্রির টেস্ট। তারপর আরো ১০টি ম্যাচ হয়েছে গোলাপি বলে। দুবাই, অ্যাডিলেড, ব্রিসবেন, এজবাস্টন, দুবাই, অ্যাডিলেড, পোর্ট এলিজাবেথ, অকল্যান্ড, ব্রিজটাউন, ব্রিসবেন হয়ে গোলাপি টেস্টের ট্রেনটা এখন কলকাতায় এসে পৌঁছেছে। উপমহাদেশের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্স এখন দিবারাত্রির টেস্ট, গোলাপি বলের ভিন্নধর্মী বড়ো আয়োজনের মঞ্চ। আজ গোলাপি বলের ক্রিকেটে নাম লেখাবে বাংলাদেশ-ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আজ ইডেনে। ইন্দোরে পাওয়া বড়ো জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচের পর চলতি বছরেই আরো দুটি দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-পাকিস্তান ও পার্থে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পরস্পরের বিরুদ্ধে লড়বে। উপমহাদেশে পাকিস্তান, শ্রীলঙ্কা খেললেও বাদ ছিল বাংলাদেশ-ভারত। আজ ইডেন টেস্টের মধ্য দিয়ে সেই তালিকায় নাম লেখাচ্ছে দুই প্রতিবেশী দেশ।