ধান, পাটসহ অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় সিরাজগঞ্জের কৃষকরা সবজি চাষের দিকে ঝুঁকেছেন। এতে তাদের অভাব ঘুচে পরিবারে এসেছে সচ্ছলতা। জেলায় ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো, শিম, কুমড়া, মুলা, বেগুন এবং বিভিন্ন ধরনের শাকসহ প্রায় সব ধরনের সবজিই চাষ হয়। আর প্রতিদিনই শিয়ালকোল, ভদ্রঘাট, পিপুলবাড়িয়া, সিরাজগঞ্জ রোড, বহুলীসহ বিভিন্ন এলাকায় বসছে সবজির হাট। এসব হাট থেকে দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এসে কিনে নিয়ে যান সবজি। আবার অনেক পাইকার সরাসরি জমি থেকে কিনে নিয়ে যাচ্ছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের কৃষক আবুল কাশেম জানান, সবজি চাষ তার ভাগ্য খুলে দিয়েছে। আগে যখন ধান-পাটের চাষ করতাম তখন ঋণ পরিশোধ হতো না। আর এখন সবজি চাষ করায় সংসারে বাড়তি আয় হচ্ছে।