টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড়ো ভাই টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে পালটা কর্মসূচি দিয়েছে ‘নির্যাতিত আওয়ামী পরিবার’-এর ব্যানারে খান পরিবার বিরোধীরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে টাঙ্গাইল শহরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে শহরে মাইকিং করা হয়।
আমানুর রহমান খান রানার অনুসারী টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্বাস আলী বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবারের আলোচনা সভায় বেশ কয়েক জন এমপি উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন বলেন, ‘বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের নামে খান পরিবার আবার শহরটাকে জিম্মি করার পাঁয়তারা করছে।’
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় ৩৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পী।