সংবাদ সংক্ষেপ

গৌরনদী পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার গৌরনদী পৌরসভার আশোকাঠি মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

মুজিববর্ষ উদ্যাপনের প্রস্তুতি সভা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা বানিপাকুরিয়ায় অনুষ্ঠিত হয়। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মেলান্দহ শাখা আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুজিববর্ষ উদ্যাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. দুলাল মিয়া। সভায় মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের মুজিববর্ষ উদ্যাপন কমিটি গঠন করা হয়।

গজারিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা ‘অনুপ্রবেশকারীর আস্তানা, গজারিয়ায় থাকবে না’ এই স্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে কুতুবিয়া কনভেনশন সেন্টারের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তার আগে বালুয়াকান্দি মেঘনা ভিলেজ পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গজারিয়া অংশ প্রদক্ষিণ করে প্রতিবাদ সভাস্থলে এসে শেষ হয়। গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ্ (শফি চেয়ারম্যান) বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একসময় জাসদ, জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতি করার সময় গজারিয়ার আলোচিত শিক্ষক বিজয় বাবু হত্যা মামলা থেকে বাঁচতে আওয়ামী লীগে যোগদান করেন।

মোরেলগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। 

বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা সদরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত্ রায় সভাপতিত্ব করেন।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা চারঘাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় এই গণশুনানি হয়। উপজেলার মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানি হয়। উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক।