আশির দশকের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৭তম জন্মদিন আজ। তার জন্ম ১৯৬২ সালের ২২শে নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তার কাব্যগ্রন্থের সংখ্যা ৪৭টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ’আশীর্বাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে’ প্রভৃতি। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
কবির জন্মদিন উপলক্ষ্যে ম্যাজিক লণ্ঠন, ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে আজ সন্ধ্যা ৬টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াকের নির্বাহী প্রধান ডা. প্রফেসর এম এ রশীদ। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট বুদ্ধিজীবী নতুন দিগন্ত পত্রিকার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কবি মুহাম্মদ সামাদসহ অনেকে।