ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা হাইকোর্টে বাতিল

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও আবদুস সালামের পক্ষে আইনজীবী শাহদীন মালিক শুনানি করেন।

খুরশীদ আলম খান বলেন, এ মামলায় শুধু আবদুস সালামের অংশ বাতিল করেছে হাইকোর্ট। দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে।

২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন—সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।