বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা নেতা হওয়ার পেছনে যার অবদান তার জন্য কি আমাদের কিছু করার নেই? যদি থাকে তাহলে আন্দোলনের বিকল্প নেই। আমরা যারা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছি না, এটা হচ্ছে আমাদের অপরাধ। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বস্তরের নেতাকর্মীর আন্দোলনের দাবি থাকলেও আমরা নেতারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারছি না। তাহলে আপনারা আমাদের কথা শুনছেন কেন? আপনারা আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন? গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, আমরা সবাই কথার ফুলঝুরি দিয়ে নেতাদের খুশি করতে চাই। বেগম জিয়া আমাদের নেত্রী, তিনি কারাগারে গেলেন আর সেদিন আমরা কয়েক হাজার নেতাকর্মী জেলে গেলাম না তাহলে আমরা তাকে নেত্রী হিসেবে কোন স্থানে রাখলাম? আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারব না। কখন কার মৃত্যু হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। তাই আসুন জেলের ভয় না পেয়ে একাত্তরের মতো ‘ডু অর ডাই’ আন্দোলন করি। বেগম জিয়াকে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করি। এটাই হবে তার জন্য সম্মানের মুক্তি।